মো: মহিব্বুল্লাহঃ
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় রাজউকের অনুমোদন ছাড়াই একাধিক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে অরবিটেক বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা উপেক্ষা করে একের পর এক ভবন নির্মাণ করছে। এছাড়া কিছু ভবনে সরকারি খাস জমি দখল, আবাসিক ভবনের নিচতলায় বাণিজ্যিক ব্যবহার এবং বিভিন্ন নির্মাণ অনিয়মের অভিযোগও পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, বসিলা এলাকায় অরবিটেক বিল্ডার্সের প্রায় ১০ থেকে ১২টি ভবন নির্মাণাধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ভবনেই রাজউকের অনুমোদন, নিরাপত্তা বিধি ও নির্মাণ আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি। সিটি হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের অর্ধেক অংশ সরকারি খাস জমির ওপর নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে অরবিটেক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদ নুর শুরুতেই অভিযোগগুলো অস্বীকার করেন। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এ এলাকায় রাজউক অনুমোদন দিচ্ছে না, তাই আমরা আমাদের মতো করে ভবন নির্মাণ করছি। আমরা হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য সরকারি খরচ বহন করছি এবং নিজেদের অর্থায়নে এলাকার উন্নয়ন করছি।
নির্মাণকাজের বৈধতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেখানে রাজউক অনুমোদন দেয়নি, সেখানে আইন দেখার কী আছে? আপনারা রাজউকের কাছে যান, তাদের জিজ্ঞাসা করুন কেন অনুমোদন দিচ্ছে না।
প্রতিবেদকের অনুসন্ধানী প্রশ্নের জবাবে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, আপনারা এসব আলতু-ফালতু বিষয় নিয়ে সময় নষ্ট না করে এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে কাজ করেন। আমি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করব।
খাস জমি দখলের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমরা কোনো সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণ করিনি। এসব অভিযোগ ভিত্তিহীন। আমাদের কাছ থেকে যারা ফ্ল্যাট কিনছেন, তারা সবকিছু যাচাই-বাছাই করেই কিনছেন।
অন্যদিকে রাজউক জোন-৫/১ এর অথোরাইজড অফিসার সাইদা ইসলাম এ বিষয়ে স্পষ্টভাবে বলেন, মোহাম্মদপুরের বসিলা রাজউকের ড্যাপের আওতাভুক্ত এবং এ এলাকায় নিয়মিত রাজউকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনেক ডেভেলপার কোম্পানি ও ভবন মালিক রাজউকের অনুমোদন ছাড়াই নিজেদের মনগড়া নকশায় ইচ্ছাকৃতভাবে অবৈধ ভবন নির্মাণ করছেন। পরে গণমাধ্যম বা সাধারণ মানুষের প্রশ্নের মুখে তারা দায় রাজউকের ওপর চাপানোর চেষ্টা করেন। বাস্তবে অনেকেই ভবন নির্মাণের আগে রাজউকের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেননি।
তিনি আরও বলেন, অননুমোদিত ও অবৈধ ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এসব এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অরবিটেক বিল্ডার্স লিমিটেডের সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণ এর অনুসন্ধান চলমান রয়েছে...
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।