অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে সাভারে মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫
সাভারের কোন্ডা ও বলিয়ারপুর এলাকায় গতকাল সোমবার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ছবি: বাসস

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সাভারের কোন্ডা ও বলিয়ারপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযানে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে পাঁচটি স্থানে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এ সময় রিয়াদ এন্টারপ্রাইজ, নামবিহীন মশার কয়েল কারখানা, শরীফ কেমিক্যাল ওয়ার্কস ও এন এম আর এন্টারপ্রাইজ নামের চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া একটি অবৈধ আবাসিক সংযোগ ও তিনটি মিটারবিহীন আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

এসব অবৈধ সংযোগের মাধ্যমে মাসে আনুমানিক ৩ লাখ ৬৬ হাজার ৪৭২ টাকার গ্যাস চুরি হচ্ছিল। অভিযানের মাধ্যমে তা রোধ করা সম্ভব হয়েছে।

মোবাইল কোর্ট দু’টি পৃথক মামলায় সর্বমোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে।