জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার (২৮ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি জামায়াতের ৯৩ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহার তুলে ধরে প্রশ্ন করেন, ইসলামের প্রতিষ্ঠার কথা বললেও সেখানে শরিয়াহ আইন বা ইসলামী অর্থনীতির প্রতিশ্রুতি নেই।
সালাউদ্দিন আহমেদ জামায়াতকে একটি ‘আন্তর্জাতিক সংগঠনের শাখা’ উল্লেখ করে বলেন, দলটির রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনও অঙ্গীকার নেই। তিনি শিক্ষা খাতের প্রসঙ্গ টেনে বলেন, ইশতেহারে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের কথা বলা হলেও দেশের অধিকাংশ শিক্ষার্থী সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে।
জামায়াতের অতীত ইতিহাস উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭৯ সালে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ পেয়ে দলটি পুনর্গঠিত হয় এবং বিভিন্ন সময়ে সুবিধাবাদী রাজনৈতিক জোটে যুক্ত হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনা প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, দেশে পরিস্থিতির উন্নতি হয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করেছে।
অর্থনীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। তিনি ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের শেয়ার বিক্রি নিয়ে বিতর্কের জবাব দিয়ে বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে প্রায় ১০ হাজার ৫২৭ কোটি টাকা রাজনৈতিক বিবেচনায় ঋণ হিসেবে ছাড় করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।