হ্যাঁ ভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী – জিএম কাদের
রংপুর ব্যুরো: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,এখনো কোনোভাবেই তথাকথিত হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেননি। না ভোটে যেমন দেশ বাঁচবে না, তেমনি হ্যাঁ ভোট দিয়েও দেশের কোনো কল্যাণ হবে না। বরং এই পুরো প্রক্রিয়াই সংবিধানবিরোধী, আইনবহির্ভূত এবং গণতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেন তিনি।
আজ ৩১ জানুয়ারি শনিবার দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় রংপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
জিএম কাদের বলেন,আমরা পরিষ্কারভাবে বলতে চাই- দেশের মানুষ তথাকথিত হ্যাঁ ভোটকে গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো স¤পৃক্ততা নেই। হ্যাঁ ভোট দিলে দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না, আর না ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তথাকথিত হ্যাঁ ভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনের বাইরে এবং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত কখনোই টেকসই হতে পারে না।
নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, দেশের মানুষ এখন ১২ তারিখের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত রায়। কোনো ষড়যন্ত্র, কোনো চাপ কিংবা কোনো কৃত্রিম আয়োজন দিয়ে জনগণের সিদ্ধান্ত বদলানো যাবে না।
তিনি আরও বলেন, রংপুরের মানুষ ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির প্রতি আস্থাশীল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রংপুর সদর-৩ (সদর) আসনের জনগণ আবারও লাঙ্গল প্রতীককে বিজয়ী করবে। জনগণ জানে কারা সত্যিকার অর্থে তাদের কথা বলে এবং কারা শুধু ক্ষমতার রাজনীতি করে।
নির্বাচনী প্রচারণার সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন ও তাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। এসময় তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে আসছে এবং ভবিষ্যতেও করবে।
জিএম কাদের বলেন, আমরা ক্ষমতার রাজনীতি নয়,জনগণের রাজনীতি করতে চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করবে দেশ কোন পথে যেতে চায়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সাধারণ স¤পাদক এস.এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টির জেলা ও মহানগরের শীর্ষ নেতারা।


