
হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
২০২২ সালের ২৮ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পটুয়াখালীর রাজনৈতিক অঙ্গনসহ গলাচিপা ও দশমিনা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছিল। মৃত্যুকালে তিনি রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন শাহজাহান খান। পরে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছিল।
রাজনৈতিক জীবনে শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান ছিল। বহুদলীয় গণতন্ত্র, নাগরিক অধিকার এবং রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন দলীয় নেতাকর্মীরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতির প্রতি অনুগত শাহজাহান খান বিএনপির রাজনীতিতে ছিলেন একজন নিবেদিতপ্রাণ নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। তাঁর রাজনৈতিক অবদান, ত্যাগ ও এলাকার মানুষের প্রতি ভালোবাসা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।