
হাফিজ খান
বরিশাল ব্যুরোঃ
বরগুনার পরীরখালে সান প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে বার্ষিক পাঠ সমাপনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান মেলা ও স্টুডেন্ট ট্যালেন্ট শো-২০২৬’।
অদ্য ২৬ নভেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। পাশাপাশি বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের দলীয় ইসলামী সংগীত, দলীয় প্রদর্শনী, অভিনয়, কবিতা আবৃত্তি ও প্রেজেন্টেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম. ইলিয়াস আহমেদ।
সভাপতির বক্তব্যে এম. ইলিয়াস আহমেদ বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা মুখস্থনির্ভর শিক্ষার বাইরে গিয়ে বিজ্ঞানমনস্ক চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা, যুক্তিবাদী মনোভাব ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠুক। বিজ্ঞান মেলা ও স্টুডেন্ট ট্যালেন্ট শোর মতো আয়োজন শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয় এবং তাদের নতুন কিছু শেখার প্রতি আগ্রহী করে তোলে। আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই তাদের মেধা ও মননের বিকাশে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সান প্রি-ক্যাডেট স্কুল শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনীর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।