

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার (২৭ জুলাই) সংসদে পৌঁছালে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও এনডিএ জোটের সংসদ সদস্যরা। সংসদ চত্বর ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে। তবে এ ঘটনাকে ঘিরে তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস।
গাড়ি থেকে নেমে হাতজোড় করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংসদে প্রবেশ করেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তাকে ঘিরে ধরে উল্লাসে মাতেন বিজেপি ও এনডিএ এমপিরা। ঐতিহ্যবাহী টুপি ও শাল পরিয়ে দেওয়া হয় তাকে। ওড়িশার এই জনপ্রিয় নেতার প্রতি এভাবেই নিজেদের পূর্ণ সমর্থন জানান তারা।
কংগ্রেসের রাজ্যসভার সদস্য রেণুকা চৌধুরী এ ঘটনার সমালোচনা করে বলেন, বিলকিস বানোর ধর্ষণ মামলার দণ্ডিতদের ক্ষেত্রেও তারা একই কাজ করেছিল। ২০২২ সালে গুজরাট সরকার ২০০২ সালের গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে গণধর্ষণ ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দেয়।
নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগে এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মুখে শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই আন্দোলনের নেতৃত্ব দেয়।
পদত্যাগের ঘোষণা দিয়ে এক্সে প্রকাশিত বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান, গত ১০ দিনের ঘটনাবলি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি বলেন, ভারতের তরুণরাই দেশের প্রকৃত শক্তি এবং যুবসমাজকে বিভ্রান্তির চক্রে আটকে পড়তে দেওয়া যাবে না। অন্যদিকে, সিজেপি দাবি করে, সরকারের সঙ্গে আলোচনায় তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।