

সিরাজগঞ্জে চলতি বছরের প্রথম ছয় মাসে ১২০ জন আত্মহত্যা করেছেন। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় উদ্বেগজনক হারে তরুণ-তরুণীরা বেশি আক্রান্ত হচ্ছেন।
আত্মহত্যাকারীদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৫২ জন নারী। গড়ে প্রতি মাসে ২০ জন এবং প্রতি সপ্তাহে প্রায় পাঁচজন আত্মহত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ আত্মহত্যাকারীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে, এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী কয়েকজন কিশোরীও আত্মহত্যা করেছেন।
বিশেষজ্ঞদের মতে, পারিবারিক কলহ, অর্থনৈতিক সংকট, মানসিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা এসব ঘটনার প্রধান কারণ। সিরাজগঞ্জ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের প্রভাষক মো. বাবুল হোসেন বলেন, বর্তমান সমাজে মানসিক সমর্থনের অভাব রয়েছে, যা আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির কর্নেল বলেন, পারিবারিক অশান্তি ও অর্থনৈতিক চাপ আত্মহত্যার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সমস্যার সমাধানে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত।
সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ জানান, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, এটি একটি সামাজিক ও জনস্বাস্থ্য সংকট, যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।