

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের দুই জওয়ান সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন জওয়ান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এই ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর বৈষ্ণবনগরে অবস্থিত। বৃহস্পতিবার দুপুরে দুই ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ উঠেছে।
এতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান- অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭)- নিহত হন। আহত হন একই ব্যাটালিয়নের সদস্য বিকাশ ব্রহ্ম, যিনি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত অজয় কুমার সিং বিহারের ছাপরা জেলার বাসিন্দা এবং আম্বদর সুরেশ দরগুর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। আহত বিকাশ ব্রহ্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত জওয়ান মানসিক অবসাদে ছিলেন। পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।