

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিতর্ক অব্যাহত রয়েছে। তার পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ঈশ্বরীপুর, নুরনগর, বংশীপুরসহ বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কে মিছিল করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাবি করেন, বিষয়টি শুধু দলীয় শৃঙ্খলাভঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়; অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তারা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
এদিকে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। গাজী নজরুল ইসলাম দাবি করেন, সেখানে তার সঙ্গে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তিনি লিখিত বিবৃতিতে বলেন, ঘটনাটি রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে ঘটেছিল।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।