

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ প্রশাসন জানায়, এটি একটি নিয়মিত বদলি।
সোমবার (১৪ জুলাই) রাতে ওসি সাইফুল ইসলাম থানার দায়িত্ব ওসি (তদন্ত) ইকতার মিয়ার কাছে হস্তান্তর করেন। নতুন ওসি যোগদান না করা পর্যন্ত ইকতার মিয়া সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন।
গত কয়েক মাস ধরে বাহুবলে চুরি, ডাকাতি, ছিনতাই, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। মাদক ব্যবসা, জুয়া ও অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ড নিয়েও আলোচনা চলছিল। স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
সম্প্রতি মিরপুর বিশ্বরোড এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, পুলিশের দৃশ্যমান তৎপরতার অভাব রয়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধনের পর ওসি সাইফুল ইসলামের প্রত্যাহারের দাবি ওঠে।
বদলির বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, ‘এটি একটি নিয়মিত প্রশাসনিক বদলি।’ নতুন নেতৃত্বের অধীনে বাহুবলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।