

পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে। একই সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।
তবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এ দিনের পরীক্ষা স্থগিত রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাকি সব শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। এ কারণে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
মঙ্গলবার পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে— বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বুধবার পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’— এই স্লোগানে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।