
বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি জানান, দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হলে পরবর্তীতে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
মাহদী আমিন জানান, দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য জেলায় পরীক্ষা আয়োজনের অনুকূল পরিবেশ থাকায় তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তরসহ সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। স্থানীয় প্রশাসন, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষক-অভিভাবকদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়ে স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রশাসন কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুলের জন্য সবাইকে পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নৌকায় করে পরীক্ষার্থীদের যাতায়াতের একটি ছবির বিষয়ে ব্যাখ্যা দিয়ে মাহদী আমিন জানান, ওই কেন্দ্রের ৯৮৭ জন পরীক্ষার্থী জলাবদ্ধতার কারণে সাময়িক সমস্যায় পড়েছিলেন। পরিস্থিতি বিবেচনায় ওই কেন্দ্রের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিচ্ছিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে পড়ালেখায় মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।