
ফরিদপুর সংবাদদাতা :
ফরিদপুরের সদরপুর উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নেওয়া এক অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় তার গর্ভের সন্তান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে সদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাষাচর ইউনিয়নের আমির খার ডাঙ্গী গ্রামে। ভুক্তভোগী বিথী আক্তার (২৮) মাদারীপুরের শিবচর উপজেলার বড়দোয়ালী গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিথীকে প্রায় সাত মাস আগে বিয়ে করেন কাতারপ্রবাসী শাহিন শেখ (৩৫), যিনি প্রথম স্ত্রীর বিষয়টি গোপন রেখেছিলেন।
বিয়ের পর শাহিন বিথীকে কাতারে নিয়ে যান এবং তিন মাস আগে তারা দেশে ফেরেন। দেশে ফিরে বিথীকে স্বামীর বাড়িতে না রেখে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় রাখেন শাহিন। একপর্যায়ে বিথী অন্তঃসত্ত্বা হলে শাহিন চলে যান।
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিথী ১০ জুলাই স্থানীয়দের সহযোগিতায় স্বামীর বাড়িতে অবস্থান নেন। ১১ জুলাই সকালে অভিযুক্তরা তাকে বাড়ি থেকে চলে যেতে চাপ দেন। তিনি অস্বীকৃতি জানালে মারধরের শিকার হন এবং শাহিনের চাচা পাঞ্জু শেখ তার পেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সন্তান মারা যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।