
সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জের মধ্যনগরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকায় অনিয়মের প্রতিবাদ করায় এক স্থানীয় সাংবাদিককে যুবদল নেতার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শিহাব মিয়া শুক্রবার (১০ জুলাই) মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে ১ হাজার ৮৯০ জন কৃষকের একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকায় সচ্ছল ব্যক্তি ও অকৃষকসহ একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় সচেতন মহলে সমালোচনা শুরু হয়।
সাংবাদিক শিহাব মিয়া তার ইউনিয়নের ২৪ জন অকৃষক ও সচ্ছল ব্যক্তির নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আপত্তি জানান। এর পর উপজেলা প্রশাসন বিতর্কিত নামগুলো স্থগিত করে প্রকৃত কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ শুরু করে।
এ ঘটনার পর যুবদল নেতা সাদ্দাম মিয়া সাংবাদিক শিহাবকে ফোন করে অভিযোগের কৈফিয়ত চান এবং হুমকি দেন। শিহাব মিয়া বলেন, তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যুবদল নেতা সাদ্দাম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাজনৈতিক ক্ষমতাবলে হুমকি দেননি এবং বিষয়টি আবেগের বশে ঘটেছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় জিডি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।