
ডেস্ক রিপোর্ট :
মিসরের ফুটবলাররা বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন। শুক্রবার আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো সমর্থক তাঁদের স্বাগত জানান।
প্রতিবেদনে রয়টার্স জানায়, বিমানবন্দরে জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান এবং 'মিসরের ছেলেরা আমাদের গর্বিত করেছে' লেখা ব্যানার নিয়ে সমর্থকরা উপস্থিত ছিলেন। অনেকের হাতে অধিনায়ক মোহামেদ সালাহর ছবি ছিল, যার নিচে লেখা ছিল 'ধন্যবাদ।'
বিমানবন্দর থেকে ফুটবলাররা ছাদ খোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তাঁরা। আগামীকাল মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সংবর্ধনা দেবেন।
মিসর এবারই প্রথম বিশ্বকাপে জয়ের দেখা পায় এবং প্রথমবারের মতো শেষ ষোলোতে পৌঁছায়। গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে পরাজিত করে তারা ইতিহাস গড়ে।
তবে শেষ ষোলোতে আর্জেন্টনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে যায় মিসর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত তারা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। দেশের ফুটবল ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ায় ফুটবলাররা দেশে ফিরেই বীরের মর্যাদা পান।
সংবর্ধনায় উপস্থিত সমর্থকদের মধ্যে প্রধান কোচ হোসামের বড় পোস্টার দেখা যায়, যেগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোয় তাঁকে এভাবে সম্মান জানান সমর্থকেরা।
এদিকে, হোসাম এবং তাঁর যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ নবায়ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তি ২০৩০ সাল পর্যন্ত কার্যকর হবে বলে জানা গেছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।