
ডেস্ক রিপোর্ট :
টাইফুন মায়সাকের প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে একটি জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার ফলে কয়েক ডজন নদী উপচে পড়েছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টাইফুনের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং প্রায় একলাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। গুয়াংসিতে ৪০টিরও বেশি নদী বিপৎসীমা অতিক্রম করে উপচে পড়েছে, যার ফলে কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি জলাধারের কংক্রিটের বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি বেরিয়ে যাচ্ছে। উদ্ধারকর্মীরা লাইফ জ্যাকেট পরে রাবারের নৌকায় দুর্গতদের উদ্ধারে কাজ করছেন।
চীনের কেন্দ্রীয় সরকার দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত ত্রাণসামগ্রী, খাদ্য, রেইনকোট ও রাবারের নৌকা পাঠিয়েছে। গুয়াংসিতে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার জরুরি সতর্কতা বহাল রাখা হয়েছে।
মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে বজ্রঝড় ও তীব্র বাতাসে ১১ জন নিহত এবং ৩৩১ জন আহত হয়েছেন। এছাড়া, উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং ভূমিধসের কারণ তদন্ত করা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকারী বাহিনীকে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।