
চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ফোন চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক ৩৬ বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া হাজী জয়নাল কোম্পানির বাড়ি এলাকায় রোববার সকালে মোবাইল ফোন চুরির অভিযোগে স্থানীয় কয়েকজন ওই যুবককে মারধর করেন। মারধরের ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সিআইডিকে জানানো হয়েছে এবং তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরোজা জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।