
ডেস্ক রিপোর্ট :
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য শনিবার, ৪ জুলাই, তেহরানে শুরু হচ্ছে। তার মৃত্যুর চার মাস পর অনুষ্ঠিত এ আয়োজনকে ইরানি কর্মকর্তারা ‘শতাব্দীর সবচেয়ে বড় শেষকৃত্য’ হিসেবে অভিহিত করেছেন।
ইরানি কর্তৃপক্ষের ধারণা, শেষকৃত্যে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। এই কারণে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শোকাহত মানুষের জন্য হাজারো সেবাকেন্দ্র, ১০ লাখের বেশি আবাসনের ব্যবস্থা এবং বিশেষ প্রবেশ ও বের হওয়ার পথ নির্ধারণ করা হয়েছে। পুরো আয়োজনের দায়িত্বে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
অনুষ্ঠানে অংশ নিতে কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার, মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি আসবেন। বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদও তেহরানে পৌঁছেছেন। প্রায় ৮০০ বিদেশি সাংবাদিক এই শেষকৃত্য কাভার করবেন বলে আশা করা হচ্ছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আনুষ্ঠানিকতা শুরু হবে। সাধারণ মানুষ রোববার বিকেল পর্যন্ত খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। মঙ্গলবার মরদেহ কোম শহরে নেওয়া হবে এবং সেখানে জামকারান মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বুধবার মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়ার পর বৃহস্পতিবার তা আবার ইরানে ফিরিয়ে এনে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে।
দাফনের পর দেশজুড়ে ৪০ দিন শোক কর্মসূচি চলবে এবং প্রথম মৃত্যুবার্ষিকী পর্যন্ত বিভিন্ন স্মরণানুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এ শেষকৃত্য শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনও। তবে, খামেনির ছেলে মোজতবা খামেনি এবং জানাজার নামাজে ইমামতির বিষয়টি এখনও নিশ্চিত নয়, যা ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।