রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে প্রশাসনিক দ্বৈততা দূর করে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে যদি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ১০ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুর্বলতা ও প্রশাসনিক ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে এবং এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে হলমার্ক কেলেঙ্কারি ও ঋণ কেলেঙ্কারির মতো ঘটনা বিভাগের দুর্বলতা এবং সংশ্লিষ্টদের সম্পৃক্ততার কারণে ঘটেছে। তাই, এসব ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
আখতার হোসেন বলেন, ঋণ পুনঃতফসিলের মাধ্যমে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল হওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের বিষয়। তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কার্যকর তদারকি কীভাবে নিশ্চিত করা হবে এবং প্রশাসনিক দ্বৈততা নিরসনে কী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।