নীলফামারী সংবাদদাতা :
নীলফামারীর ডিমলায় বন্দকী জমির পাওনা টাকা চাইতে গিয়ে একটি প্রবাসী পরিবার মারধর, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির শিকার হয়েছে। ঘটনার পর পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযোগ রয়েছে, আসামিরা নিজেদের বাড়িতে ভাংচুর করে প্রবাসীদের ফাঁসানোর চেষ্টা করছে।
উত্তর তিতপাড়া (খালুয়াপাড়া) এলাকায় গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। বাদী মোঃ ময়েন উদ্দিন (৫৭) ডিমলা থানায় ১৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। তিনি জানান, ২০২২ সালের নভেম্বরে ৪নং আসামি হবিবার রহমান নিকি ও ১৫নং আসামি মনজিনা বেগম তাদের ১২ বিঘা জমি বন্দক রেখে তার বড় ছেলে আসাদুল ইসলামের কাছ থেকে ২৪ লাখ টাকা নেন। চুক্তি অনুযায়ী ফসলের টাকা পরিশোধ করার কথা থাকলেও আসামিরা তা দিতে অস্বীকার করে আসছিলেন।
গত ২৭ জুন সকালে পাওনা টাকা চাইতে গেলে আসামিরা হামলা করে। লাঠি, লোহার রড, ধারালো ছোরা ও কোদালসহ অস্ত্র নিয়ে হামলায় একাধিকজন গুরুতর আহত হন। রহমত আলী লিখনের পা ভেঙে যায়, বাবলু রহমানের উরুতে কোপ লাগে এবং মিনা আক্তারের শ্লীলতাহানি করে তার গলার সাড়ে দুই লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
ডিমলা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং একজন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
ময়েন উদ্দিন বলেন, “আমরা হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। অথচ তারা নিজেদের বাড়ি ভাংচুর করে আমাদের ফাঁসাতে চাইছে।” প্রধান আসামি আলিনুর ইসলাম ডাম্বুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, “এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।