

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে কাগজের বাক্সের ভেতর থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় পুলিশ হত্যা মামলার তদন্ত শুরু করেছে।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গত রোববার ৩২ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দেন এবং পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে তার সঙ্গী পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, বাড়িতে তিনি সন্দেহজনক কিছু লক্ষ করেছেন।
ওই ব্যক্তির দাবি, সঙ্গীর গর্ভধারণের বিষয়টি তিনি অনেক দেরিতে জানতে পারেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এরপর বাড়িতে খোঁজাখুঁজি করতে গিয়ে তিনি মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান।
প্রসিকিউটরের কার্যালয় জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এই বর্ণনা পাওয়ার পর সোমবার রাতে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। একজন ফরেনসিক চিকিৎসকের ধারণা, উদ্ধার হওয়া দেহাবশেষ সম্ভবত পাঁচটি নবজাতকের।
তদন্তকারীরা এখনও ওই নারীর সঙ্গে কথা বলার সুযোগ পাননি। তার পরিবারে ৮ ও ৯ বছর বয়সী আরও দুই সন্তান রয়েছে। প্রতিবেশীরা জানান, শিশু দুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত এবং তাদের মা প্রতিদিন স্কুল থেকে নিয়ে আসতেন।
মঙ্গলবার দুইতলা বাড়িটির সিঁড়ির কাছে একাধিক সাইকেল দেখা যায় এবং পুলিশ সদস্যরা লাল টেপ দিয়ে বাড়ির দরজা সিল করে দেন। ফ্রান্সে এর আগে বাড়ি থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, যার মধ্যে গত মার্চে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ উদ্ধার হয়েছিল।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।