

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই, তবে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা বা রাতের মধ্যে এটি উপকূল অতিক্রম করতে পারে, তবে তা উড়িষ্যার উপকূলের দিকে হবে।
তিনি আরও বলেন, রোববার দুপুর পর্যন্ত দেশের কোথাও ভারী বৃষ্টি নথিবদ্ধ হয়নি, তবে বরিশালের দিকে কিছুটা মেঘ-বৃষ্টি রয়েছে। যশোর ও কক্সবাজারে হালকা বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়েছে, এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ৪ সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগরে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।