

বাংলাদেশে রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা মেয়াদ শেষে দায়িত্ব ছাড়লে তিনি আজীবন বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হন। তবে এসব সুবিধা পেতে হলে রাষ্ট্রপতি হিসেবে অন্তত ছয় মাস দায়িত্ব পালন করতে হবে এবং অভিশংসনের মাধ্যমে অপসারিত হওয়া যাবে না। ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’-এ এ বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে।
আইন অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করা বা মেয়াদ শেষ করা ব্যক্তি আমৃত্যু মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী। এই অবসরভাতা রাষ্ট্রপতির সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ৭৫ শতাংশ হারে নির্ধারিত হয়। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা, ফলে সাবেক রাষ্ট্রপতি প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসরভাতা পান।
সাবেক রাষ্ট্রপতিরা চাইলে মাসিক অবসরভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক গ্রহণ করতে পারেন। এ ছাড়া অবসরভাতা গ্রহণরত অবস্থায় সাবেক রাষ্ট্রপতির মৃত্যু হলে তার স্ত্রী বা স্বামী বিশেষ পারিবারিক ভাতা পাবেন, যা সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য অবসরভাতার দুই-তৃতীয়াংশ।
আইনের ৫ ধারা অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতিরা ব্যক্তিগত সহকারী (পিএ) এবং একজন সাহায্যকারী (অ্যাটেনডেন্ট) নিয়োগের সুবিধা পান। এছাড়া, তারা সরকারি চিকিৎসা সুবিধা, সরকারি খরচে আবাসিক টেলিফোন সংযোগ, সরকারি সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনামূল্যে অবস্থানের সুযোগ এবং বিদেশ সফরের জন্য কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারের সুবিধাও পান।
তবে, সব সাবেক রাষ্ট্রপতি এই সুবিধার আওতায় আসেন না। আইনের ৬ ধারা অনুযায়ী, অভিশংসনের মাধ্যমে অপসারিত রাষ্ট্রপতি এবং উচ্চ আদালতের রায়ে অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী হিসেবে ঘোষিত ব্যক্তিরা এসব সুবিধা পাওয়ার যোগ্য নন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।