
ডেস্ক রিপোর্ট:
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, সামনে এগোনোর পথ কী হবে এবং সরে দাঁড়ানোর সময় এসেছে কি না, সেটি ভাবতে হবে।
মার্তিনেজ বিশ্বকাপ ফাইনালে নায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। পুরো ম্যাচে দুর্দান্ত সেভ করে দলকে টিকিয়ে রাখলেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের গোল ঠেকাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি কাউকে দোষারোপ করেননি এবং টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে না পারার হতাশা প্রকাশ করেছেন।
বুয়েনস আইরেসে ফিরে ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দিয়েছেন মার্তিনেজ। তিনি লিখেছেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম, আমরা আবারও বিশ্বকাপ জিতব। স্বপ্ন দেখেছিলাম, ট্রফিটা আবার আর্জেন্টিনায় নিয়ে আসব।’
মার্তিনেজ তার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবার সময় এসেছে—কী ভুল হয়েছে, সামনে কীভাবে এগিয়ে যেতে হবে। আর হয়তো আমার সরে দাঁড়ানোর সময় এসে গেছে কি না, সেটাও ভেবে দেখতে হবে।’
মার্তিনেজ ২০২১ সালের ৩ জুন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে অভিষেকের পর থেকে দলের অন্যতম নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি লিওনেল মেসিসহ সতীর্থদের কাছে অনুপ্রেরণার ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
পোস্টের শেষে মার্তিনেজ সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি সত্যিই খুব দুঃখিত। আমার দেশ এবং আমার সতীর্থদের সাহায্য করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।’
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।