

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর সন্ধান পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রলার থেকে পড়ে যাওয়ার পর তারা সাঁতার কেটে নদীর অন্য পাশে উঠেছেন।
রোববার (১৯ জুলাই) সকালে সদরঘাটে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আটজন নিরাপদে তীরে উঠলেও দুইজন নিখোঁজ ছিলেন। এ কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ দুই যাত্রী নদীর অন্য পাশে সাঁতরে উঠেছেন। তাদের কাছে মুঠোফোন না থাকায় পরে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে পাড়ে ওঠার বিষয়টি জানান। ট্রলারের মালিক ফায়ার সার্ভিসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস আরও জানায়, অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। উদ্ধারকারী দল স্টেশনে ফিরে গেছে।
এর আগে সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা জানান, গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি নতুন ট্রলারটি কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।