

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে ভ্রমণ এবং ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ প্রেরণ করেন।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিকট পাঠানো হয়েছে। আইনি নোটিশে বলা হয়েছে, প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক চিকিৎসা, শিক্ষা, পর্যটন, ব্যবসা ও অন্যান্য বৈধ প্রয়োজনে ভারতে ভ্রমণ করেন।
তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এসব হুমকিতে বলা হচ্ছে, বাংলাদেশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় প্রবেশ করলে তারা হেনস্তা, নির্যাতন কিংবা সহিংসতার শিকার হতে পারেন, যা তাদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, অতীতে ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে নোটিশে উল্লেখ করা হয়।
আইনি নোটিশে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে নোটিশদাতাকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে নাগরিকদের জীবন ও নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করা হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।