
নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে ওঠানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে নানা প্রশ্ন উঠেছে।
রোববার (১২ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমপি হান্নান মাসউদ এ ঘটনার ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, সরকারি কাজে চেয়ারম্যানঘাটে পৌঁছানোর সময় ফেরিটি প্রায় দুই মিনিট আগে ঘাট ছেড়ে যায়, তবে তখন ফেরিটি খুব বেশি দূরে যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা ফেরিটি ঘাটে ফিরিয়ে এনে তাকে ওঠার ব্যবস্থা করে।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি ছাড়া অন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল, ফলে বিকল্প কোনো উপায়ে গন্তব্যে যাওয়ার সুযোগ ছিল না। এমপি মাসউদ বলেন, একটি মহল ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এদিকে, ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, এমপি হান্নান মাসউদ ফেরির মাস্টারকে ফোন করে তার আসার বিষয়টি জানাতে চেয়েছিলেন, কিন্তু নতুন মাস্টারের মোবাইল নম্বর তার কাছে ছিল না। তিনি বলেন, এমপির অনুরোধে ফেরির মাস্টারের সঙ্গে যোগাযোগ করে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়।
সাজ্জাদুল ইসলাম আরও জানান, রোগী, অ্যাম্বুলেন্স এবং ভিআইপিদের ক্ষেত্রে নির্ধারিত কিছু প্রটোকল অনুসরণ করা হয় এবং সেই নিয়ম অনুযায়ী ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়েছিল। চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্যকে বহন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।