
ডেস্ক রিপোর্ট :
মিশরের কর্তৃপক্ষ একটি বিলাসবহুল প্রমোদতরীকে বন্দরে ভিড়তে দেয়নি, যা প্রায় ২০০০ সমকামী পুরুষ যাত্রী বহন করছিল। 'স্কারলেট লেডি' নামের এই জাহাজটি এলজিবিটিকিউ প্লাস ভ্রমণ সংস্থা ‘অ্যাটলান্টিস ইভেন্টস’ এর ভাড়া করা এবং ভার্জিন ভয়েজেস পরিচালিত।
জাহাজটি আলেকজান্দ্রিয়া বন্দরে প্রবেশের অনুমতি না পাওয়ার পর, যাত্রীরা একটি জরুরি চিঠি পান, যেখানে জানানো হয় যে, জাহাজটি মিশরীয় জলসীমায় প্রবেশ করতে পারবে না। এই প্রমোদ ভ্রমণটি গ্রিসের এথেন্স থেকে ইতালির ভেনিস পর্যন্ত যাওয়ার কথা ছিল।
অ্যাটলান্টিস ইভেন্টস-এর সিইও রিচ ক্যাম্পবেল বলেন, মিশরের এই সিদ্ধান্তে তারা বিস্মিত। গত বছর একই ধরনের একটি ক্রুজ ভ্রমণ সফলভাবে পরিচালনা করা হয়েছিল। এবারের সফরটি সফল করতে তারা কঠোর পরিশ্রম করলেও শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা তাদের জন্য হতাশাজনক ছিল।
এর আগে তুরস্কের কর্তৃপক্ষও ‘নৈতিক মূল্যবোধ’ ও ‘জনসাধারণের উদ্বেগ’-এর কারণে জাহাজটিকে ইস্তাম্বুল ও কুসাদাসি বন্দরে ভিড়তে দেয়নি। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্রুজটি এমন কিছু গোষ্ঠী ভাড়া করেছে, যাদের আচরণ দেশটির সমাজের কাঠামো ও নৈতিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
প্রমোদতরীটির পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী, এটি বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আলেকজান্দ্রিয়ায় থাকার কথা ছিল। তবে নিষেধাজ্ঞার পর, নতুন সূচী অনুযায়ী এটি শনিবার গ্রিসের ক্রিট দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।