

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মাসুদ খান।
ওসি জানান, হামলার পর থেকে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গতকাল রাতভর অভিযান চালিয়ে হামলায় জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় রিয়াজ ফকির নামে এক আসামিকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। থানার হাজতে থাকা অবস্থায় তিনি নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে গভীর রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিবুল হাসান জানান, রিয়াজ ফকির মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন আছেন এবং তার মাথায় আঘাত গুরুতর নয়। তবে গতকাল দুপুরে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে কয়েক শ নারী-পুরুষ মিছিল নিয়ে থানায় হামলা চালান।
এ সময় পুলিশের ৬ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন। গুরুতর আহত এএসআই আবদুল হালিমকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রিয়াজ ফকিরের পরিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে, তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।