

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।
আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে উল্লেখ করেছেন। তিনি এটিকে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় বলেও অভিহিত করেছেন।
প্রাথমিকভাবে দাবানলে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়। আন্দালুসিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দাবানলে ক্ষতিগ্রস্ত লস গাইয়ারদোসসহ আশপাশের এলাকার বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করেন।
দক্ষিণ স্পেনের এই অগ্নিকাণ্ডের কয়েক দিন আগে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর ফলে স্পেন সীমান্তসংলগ্ন প্রায় দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের মে ও জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে বিস্তীর্ণ এলাকা শুকিয়ে গেছে, যা বনাঞ্চলগুলোকে দাবানলের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে, ফলে ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহ এবং ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়তে পারে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।