
আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। মুক্তির প্রাক্কালে দর্শকদের কাছে পৌঁছাতে ভিন্নধর্মী প্রচারণায় অংশ নিয়েছে ‘মাস্তুল’ টিম। সোমবার (৬ জুলাই) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার ইন্টারেক্টিভ সেশনে উপস্থিত ছিলেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান, অভিনেতা ফজলুর রহমান বাবু, আমিনুর রহমান মুকুল, দীপক সুমন, মুকিত শিকদার এবং চলচ্চিত্রটির চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান। অনুষ্ঠানে বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ‘মাস্তুল’-এর ট্রেলার প্রদর্শন করা হয়। এরপর নির্মাতা ও অভিনয়শিল্পীরা সিনেমাতে কাজের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার স্মৃতি তুলে ধরেন। ফজলুর রহমান বাবু বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রের ভাষা বদলে গেছে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ে আসি আপনাদের উদ্বুদ্ধ করতে।”
শিক্ষার্থীদের অনুরোধে ফজলুর রহমান বাবু ‘মাস্তুল’-এর প্রচারণার গান ‘আমায় ভাসাইলি রে...’ গেয়ে শোনান। শিক্ষার্থীরা চলচ্চিত্রের গল্প, নির্মাণশৈলী এবং বাংলাদেশের সিনেমার বর্তমান ধারা নিয়ে নানা প্রশ্ন করেন।
নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, 'আমি যে সিনেমা দেখতে চাই, সেটাই বানাতে চাই।' অভিনেতা আমিনুর রহমান মুকুল জানান, ‘মাস্তুল’ পুরোপুরি স্বাধীন উদ্যোগে নির্মিত একটি চলচ্চিত্র। দীপক সুমন বলেন, সিনেমার শুটিং জাহাজে হওয়ায় নির্মাণের সময় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।
‘মাস্তুল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশনে যুক্ত রয়েছে টঙঘর টকিজ।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।