
জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ তদন্তের নির্দেশ দিয়েছে। সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন বিদ্যুৎ ট্যারিফ জুন থেকে কার্যকর হয়েছে, যার ফলে আগের তুলনায় একই অর্থে কম ইউনিট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এই কারণে অনেক গ্রাহক বিলের অস্বাভাবিক বৃদ্ধি অনুভব করছেন। তবে লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য আগের ট্যারিফই বহাল রয়েছে।
বিভাগটি আরও জানায়, মিটারের কারিগরি ত্রুটির কারণে বিল বৃদ্ধি হওয়ার ধারণার কোনো ভিত্তি নেই। কিছু ক্ষেত্রে দাপ্তরিক ভুল পাওয়া গেছে, যা যাচাই করে সংশোধন করা হচ্ছে। বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে অনেক গ্রাহক উচ্চতর ট্যারিফ স্তরে পৌঁছেছেন, যা বিল বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।
মিটার ভাড়ার বিষয়ে বিদ্যুৎ বিভাগ জানায়, যারা এককালীন অর্থে প্রিপেইড মিটার নিয়েছেন, তাদের কোনো কিস্তি দিতে হয় না। কিস্তিতে মিটার নেওয়া গ্রাহকদের জন্য সিঙ্গেল-ফেজ মিটারের মাসিক ভাড়া ৪০ টাকা এবং থ্রি-ফেজ মিটারের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, বিল নিয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করে তা যাচাই করা উচিত।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।