ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নামছাপাড়া গ্রামের ৭১ বছর বয়সী রিনা স্নাল, যিনি ভিক্ষা করে জমানো ৭০ টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমর রুবেলের নির্বাচনী তহবিলে সহযোগিতা করেছিলেন, সম্প্রতি একটি নতুন ঘর পেয়েছেন। শনিবার (৪ জুলাই) সংসদ সদস্য রুবেল আনুষ্ঠানিকভাবে ঘরটি রিনা স্নালের কাছে হস্তান্তর করেন।
রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু কয়েক বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি কিছুদিন দিনমজুরি করলেও বয়স ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন। তার একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর আলাদা হয়ে যান এবং বর্তমানে সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করছেন।
স্থানীয়রা জানান, রিনা স্নাল দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে একা বসবাস করছিলেন এবং তার দেখভালের কেউ ছিল না। নতুন ঘর পাওয়ার ফলে তিনি এখন নিরাপদে বসবাসের সুযোগ পেয়েছেন।
সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, ‘রিনা স্নাল ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা আমার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। সেই ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।’
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, ‘ভাবিনি জীবনের এই বয়সে নতুন ঘরে থাকতে পারব। যারা আমাকে এই ঘর করে দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি।’
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।