শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হস্তক্ষেপে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের ৮ জন এবং বগুড়ার ১ জনসহ মোট ৯ শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা ফরম পূরণের টাকা আত্মসাৎ ও কারিগরি ভুলের কারণে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি।
শুক্রবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও প্রবেশপত্র না পাওয়ার কারণে পরীক্ষা দিতে পারেননি। কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলেও তা বোর্ডে জমা না দেওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়।
শিক্ষামন্ত্রী বিষয়টি জানার পর রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং বঞ্চিত শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড বিশেষ ব্যবস্থায় ওই ৮ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করে।
এছাড়া, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং লালপুর থানার ওসি শফিকুল ইসলামের সঙ্গে কথা বলে অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেফতারের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দিতে আরেক শিক্ষার্থীও রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। শিক্ষামন্ত্রী তার বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ওই শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।