বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারিত এবং বরখাস্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুবিধাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম এবং এসএসএফের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনা ও অবিচারের শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুবিধাপ্রাপ্ত ১৫০ কর্মকর্তার মধ্যে ১১৫ জন সেনাবাহিনী, ২১ জন নৌবাহিনী এবং ১৪ জন বিমানবাহিনীর সদস্য। তাদের মধ্যে অনেকের বাধ্যতামূলক বা অকালীন অবসর বাতিল করে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বিশেষ আর্থিক সুবিধার আওতায় এককালীন ৩০ লাখ, ৫০ লাখ এবং সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এছাড়া প্লট বা ফ্ল্যাট বরাদ্দ এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগও রাখা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমীর ২০০৯ সালের বাধ্যতামূলক অবসর সংশোধন করে ২০১৩ সালের ২৫ আগস্ট স্বাভাবিক অবসর দেখানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিমের ক্ষেত্রেও একইভাবে পদোন্নতি ও বকেয়া সুবিধা প্রদান করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।