বাংলাদেশের হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযুক্তির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে নতুন মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ উন্নত চিকিৎসাব্যবস্থার সঙ্গে তাল মিলাতে পারেনি। বিশেষ করে প্যাথোলজি বিভাগের জন্য দীর্ঘ তিন বছর ধরে একটি সরকারি মাইক্রোস্কোপ নষ্ট থাকলেও বরাদ্দ দেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, নতুন মাইক্রোস্কোপের মাধ্যমে ক্যানসার ডায়াগনোসিসের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল সম্পূর্ণ সরকারি মালিকানাধীন অলাভজনক প্রতিষ্ঠান হবে, যা আধুনিক ও করপোরেট ধাঁচে পরিচালিত হবে। আগামী ৬ মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত দুই মাস ধরে পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির আওতায় লার্ভা ধ্বংসের জন্য বিশেষ মেডিকেল ট্যাবলেট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী হাসপাতালগুলোকে নির্দেশ দেন, কোনো ডেঙ্গু রোগীর জ্বর ভালো হলেও নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে না। ঢামেক প্যাথলজি বিভাগের অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।