
জামালপুর সংবাদদাতা :
মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আবু বকর সিদ্দিক ব্যক্তিগত ও পারিবারিক কারণে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি বুধবার (১ জুলাই) দুপুরে মেলান্দহ পৌরসভা সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আবু বকর সিদ্দিক একসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯ সালে আওয়ামী লীগে যোগ দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আজ থেকে আমি আওয়ামী লীগ পরিবারের কেউ নই। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকব না।"
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালের ২৫ নভেম্বর তিনি সাংগঠনিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন, তবে তখন বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হয়নি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার অবস্থান প্রকাশ করেছেন।
রাজনৈতিক জীবনের শুরু সম্পর্কে আবু বকর সিদ্দিক বলেন, ১৯৮০ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে তিনি সক্রিয় হন এবং ১৯৮৭ সালে ছাত্রদলের আহ্বায়ক হন। পরবর্তীতে যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি জানান, "ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। জীবনের বাকি সময় আমি আর কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হবো না।" মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক মো. জিন্নাহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।