
সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমার ক্ষেত্রে বুধবার থেকে ‘এ-চালান’ ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন অর্থবছরের শুরু থেকেই সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধীনস্থ দপ্তরকে এই পদ্ধতিতে সরকারি অর্থ সংগ্রহ ও জমা দিতে হবে। এর মাধ্যমে ম্যানুয়াল চালান ব্যবস্থার আনুষ্ঠানিক অবসান ঘটছে।
অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সিদ্ধান্তের উদ্দেশ্য হলো সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনাকে কার্যকর করা এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি করা। ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে এ-চালানের বাইরে অন্য কোনো মাধ্যমে সরকারি রাজস্ব সংগ্রহ করা যাবে না।
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়েছে ৪ লাখ ৭ হাজার ২২৫ কোটি ৯৪ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে মাত্র ১৭টি চালান দিয়ে শুরু হওয়া এ-চালান প্ল্যাটফর্ম গত সাত অর্থবছরে ১৯ কোটি ৩ লাখের বেশি চালান প্রক্রিয়াকরণ করেছে।
এ-চালান ব্যবস্থা বাস্তবায়িত হলে সরকারের নগদ অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক ও নির্ভুল তথ্য পাওয়া যাবে। নাগরিকদের সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি রাজস্ব ও সেবা ফি জমা দেওয়া যাচ্ছে।
এ-চালান ড্যাশবোর্ডের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলো তাৎক্ষণিকভাবে রাজস্ব আদায় ও লেনদেনের তথ্য পর্যবেক্ষণ করতে পারছে, যা ভুয়া চালান ও রাজস্ব ফাঁকির ঝুঁকি কমাচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে এ-চালান ব্যবস্থা চালু করে অর্থ বিভাগ সরকারের নগদ অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।