
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার জালিয়াতি, কমিশন বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সওজের প্রশাসনিক কাঠামোর ওপর প্রভাব বিস্তার করে একটি শক্তিশালী ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন।
মনিরুজ্জামান, যিনি আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, কক্সবাজার, মুন্সিগঞ্জ, রংপুর ও রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকালে প্রভাবশালী অবস্থান গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, প্রশাসন ও বদলি বাণিজ্যের মাধ্যমে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের পোস্টিং ও বদলির ক্ষেত্রে মোটা অঙ্কের আর্থিক লেনদেন করেন।
কক্সবাজার সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে ১৫০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সেখানে ভুয়া বিল ও অতিরিক্ত ব্যয় দেখানোর অভিযোগ রয়েছে। রাজশাহী জোনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতির পর তাঁর বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ আরও জোরালো হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, সড়ক খাতের উন্নয়ন প্রকল্পে ২৩ থেকে ৪০ শতাংশ দুর্নীতি ও অর্থ আত্মসাতের তথ্য উঠে এসেছে। দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রাথমিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হবে।
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সরকার শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করবে।” তবে মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।