
নীলফামারী সংবাদদাতা :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নর্থ পোল্ট্রি (প্রা.) লিমিটেডের একটি লেয়ার মুরগির খামারের বর্জ্যের দুর্গন্ধে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছেন। অভিযোগ রয়েছে, খামারের বর্জ্য যত্রতত্র ফেলে রাখায় পরিবেশ দূষিত হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা চরকবন চারমাথা এলাকায় অবস্থিত এই খামার থেকে প্রতিদিন দুই থেকে তিন টন বিষ্ঠা উৎপন্ন হয়। খামারের ম্যানেজার সিরাজ মিয়া জানান, বর্ষাকালে দুর্গন্ধ বাড়ে এবং সমস্যা কমাতে বায়োগ্যাস ও কম্পোস্ট প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে।
স্থানীয় কৃষক তোফায়েল মিয়া বলেন, বিষ্ঠার দুর্গন্ধে কাজ করা কঠিন হয়ে পড়েছে। চাঁদখানা ছয়আনী গ্রামের তহুজা বেগম জানান, দুর্গন্ধের কারণে অনেকেই এই সড়ক এড়িয়ে চলছেন। মাগুড়া ইউনিয়নের আনোয়ারুল ইসলাম বলেন, সড়কের দুই পাশে খামারের বিষ্ঠা ফেলে রাখায় এটি কার্যত খামারের দখলে চলে গেছে।
এলাকার বাসিন্দারা কিশোরগঞ্জ থানায়, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব জানান, বিষ্ঠায় থাকা জীবাণু ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিষয়টি আগে জানা ছিল না, এখন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।