
সামাজিক ব্যবসার ধারণাকে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম ও কার্যক্রমে অন্তর্ভুক্ত করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার (২৯ জুন) মিরপুরের টেলিকম ভবনে অনুষ্ঠিত হলো অ্যাকাডেমিয়া ডায়ালগ ২০২৬। এই আয়োজনে অংশ নেন শিক্ষাবিদ, গবেষক ও সামাজিক ব্যবসা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
অ্যাকাডেমিয়া ডায়ালগ ২০২৬-এর সূচনা ও সমাপনী বক্তব্য দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে সামাজিক ব্যবসার ধারণাকে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। প্রথম প্যানেলে আলোচনা হয় সামাজিক ব্যবসাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার মূলধারায় নিয়ে আসার উপায় নিয়ে।
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা তৈরির দিকে অগ্রসর হতে হবে। আইইউবিএটির অধ্যাপক ড. আবদুর রব সামাজিক ব্যবসা বিষয়ে বাধ্যতামূলক কোর্স অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ বলেন, উদ্যোক্তা শিক্ষা দশ বছর বয়স থেকেই শুরু হওয়া উচিত।
দ্বিতীয় প্যানেলে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার (YSBC) নেটওয়ার্কের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১১৬টি ওয়াইএসবিসি কার্যক্রম পরিচালিত হচ্ছে। মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. ইউসনিদাহ ইব্রাহিম সামাজিক ব্যবসা বিষয়ে পৃথক পাঠক্রম প্রণয়নের উদ্যোগ তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে ড. ফয়েজ শাহ বলেন, বাস্তব অভিজ্ঞতা অর্জন করা অপরিহার্য। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ জানান, আগামী বৈশ্বিক ওয়াইএসবিসি সম্মেলন ২০২৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত হবে এবং উদ্যোগগুলো বাস্তবায়নে একটি বিশেষ ভেঞ্চার টিম গঠনের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।