
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ১৮ বছর ধরে টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতায় সরকারি চাল-গম বিতরণে একটি সিন্ডিকেট ভেঙে প্রকৃত উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান পরিচালনা কমিটি এবং অসহায়-দুঃস্থ মানুষের মধ্যে ৮৬ মেট্রিক টন চাল ও ৮৬ মেট্রিক টন গম বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৮ বছর ধরে একটি অসাধু চক্র সরকারি বরাদ্দের চাল ও গম কম দামে কিনে নিয়ে বিপুল পরিমাণে লাভবান হয়ে আসছিল। তারা প্রতি কেজি চাল ১৫ থেকে ১৬ টাকা এবং গম ১০ থেকে ১২ টাকা দরে কিনে প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করত।
এবার নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় ওই সিন্ডিকেটের প্রভাব ভেঙে সরাসরি প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি খাদ্যশস্য তুলে দেওয়া হচ্ছে। উপকারভোগীরা জানান, তারা দীর্ঘদিন পর কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই সরকারি বরাদ্দ পেয়েছেন এবং আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে তিন ধাপে উপজেলার ২২টি প্রকল্পের জন্য মোট ৮৬ মেট্রিক টন চাল ও ৮৬ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব প্রকল্পের উপকারভোগীদের মধ্যে এসব খাদ্যশস্য বিতরণ করা হবে।
ওসিএলএসডি (খাদ্য গুদাম)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান তুহিন বলেন, সরকারি খাদ্য সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এবং ভবিষ্যতে কোনো সিন্ডিকেট যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।