ডেস্ক,২৮ জুন ২০২৬, ঢাকা :
দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ-এর নেতৃত্বে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ আজ টোয়াব কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ (Handover–Takeover) অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিদায়ী পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সদ্য সাবেক সভাপতি মোঃ রাফেউজ্জামান, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ও পরিচালনা পর্ষদের সদস্যদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় টোয়াবের সাবেক ও নবনির্বাচিত পরিচালকবৃন্দ, সাবেক পরিচালক বৃন্দ, সদস্যবৃন্দ এবং টোয়াবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ দায়িত্ব গ্রহণকালে ভোটারসহ সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে, দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটনের প্রসার, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং টোয়াবকে আরও গতিশীল ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, নীতিগত সহায়তা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং টোয়াব সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে নতুন নেতৃত্ব অগ্রাধিকারভিত্তিতে উদ্যোগ গ্রহণ করবে।
বিদায়ী পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সদ্য সাবেক সভাপতি মোঃ রাফেউজ্জামান নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানান এবং সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, টোয়াব নির্বাচন ২০২৬–২০২৮ মেয়াদের জন্য গত ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয় এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।
নির্বাচনে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি মোহাম্মদ হানিফ, প্রথম সহ-সভাপতি নির্বাচনে সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি (১) মো. মইনুল ইসলাম, সহ-সভাপতি (২) জিয়াউর রহমান জাকির, অর্থ পরিচালক পদে জহির আহমেদ হেলাল, হিসাব পরিচালক পদে মো. জহির উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে মো. ফিরোজুল ইসলাম, মিডিয়া ও জনসংযোগ পরিচালক পদে মো. মিজানুর রহমান, বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক পদে মো. আবুল বাসেত বাবু, আইন বিষয়ক পরিচালক পদে মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক পরিচালক পদে মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পরিচালক পদে নাঈমুল হাসান, ইনফরমেশন টেকনোলজি পরিচালক পদে মোমিনুল ইসলাম আসিফ, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক পরিচালক পদে সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক পদে এ. বি. এম. জাকারিয়া (রাজিব) এবং সম্পত্তি ও সম্পদ বিষয়ক পরিচালক পদে শাখওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন এবং পরিচালক পদে যথাক্রমে মোঃ মহি উদ্দিন সেলিম, তামিম আহমেদ ও মোঃ নুরুল আনোয়ার এবং সহগযোগী সদস্য গ্রুপের পরিচালক মো. নাসির উদ্দিন বাদল নির্বাচিত হন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।