
মো: মহিব্বুল্লাহঃ
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে হোমলিংক রিয়েল এস্টেট লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি বসিলার ৪০ ফিট রোড ও আশপাশের এলাকায় চলমান প্রায় ১৬টি প্রকল্পের কোনোটিরই প্রয়োজনীয় রাজউক অনুমোদন গ্রহণ করেনি। এছাড়া সরকারি খাস জমি দখল করে একাধিক ভবন নির্মাণ এবং অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা উপেক্ষা করে ভবন নির্মাণেরও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র জানান, প্রতিষ্ঠানটি আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের ভবন নির্মাণে প্রযোজ্য আইন ও নিরাপত্তা বিধান যথাযথভাবে অনুসরণ না করে নিজস্ব পরিকল্পনায় বহুতল ভবন নির্মাণ করছে। এতে পরিবেশগত ভারসাম্য, অগ্নি নিরাপত্তা, ভূমিকম্প ঝুঁকি এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বুয়েটের একাধিক ইঞ্জিনিয়ারদের মতে, যথাযথ অনুমোদন ও কারিগরি তদারকি ছাড়া বহুতল ভবন নির্মাণ করা হলে তা ভবনের বাসিন্দা ও আশপাশের জনগণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। অপরিকল্পিত নগরায়ন রাজধানীর অবকাঠামোগত সংকট আরও বাড়িয়ে দিতে পারে।
ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ, সম্প্রসারণ বা ব্যবহার পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
অনুমোদনহীন ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবন নির্মাণ কাজ বন্ধ, সিলগালা অথবা অবৈধ অংশ অপসারণের নির্দেশ দিতে পারে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে।
সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ প্রমাণিত হলে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, উচ্ছেদ অভিযান এবং ক্ষতিপূরণ আদায়ের সুযোগ রয়েছে।জননিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে অতিরিক্ত আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এ বিষয়ে হোমলিংক রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির রাসেল এর বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কলটি রিসিভ না করায় প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজউক জোন ৫/১ এর ইমারত পরিদর্শক উজ্জ্বল দেবনাথ বলেন, আমরা যখন তাদের প্রোজেক্টগুলো ভিজিটে যাই তখন তারা কাজ বন্ধ রেখে নিজেদেরকে নিভৃত রাখার চেষ্টা করেন। আমাদের যথেষ্ট পরিমাণ মোবাইল কোর্টের অভাব যে কারণে আমরা দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে এদেরকে রাজউকের অনুমোদন এবং নির্মাণ আইনের মধ্যে নিয়ে আসতে পারি। যেহেতু মোহাম্মদপুর এরিয়াটা একটা ক্রিটিক্যাল এরিয়া তাই আমাদের কার্যক্রম পরিচালনা করতেও বেগ পেতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে রাজউক, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অভিযোগ সত্য প্রমাণিত হলে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
হোমলিংক রিয়েল এস্টেট লিমিটেডের সরকারী খাস জমি দখল করে ভবন নির্মাণ এর অনুসন্ধান চলমান রয়েছে...
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।