পঞ্চগড়-১ আসনে সারজিসকে ইসলামী আন্দোলনের সমর্থন

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম। ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের কোনো প্রার্থী না থাকায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ সোমবার ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানান।

স্থানীয় নেতারা জানান, এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী না থাকায় নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। এই আসনে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে তারা স্বতস্ফূর্তভাবে কাজ করবেন।

এদিকে বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের লোকজনকে সারজিস আলমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাতে দেখা গেছে।

ইসলামী আন্দোলনের সমর্থন প্রসঙ্গে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ বলেন, সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।