দীর্ঘ ২২ বছর পর রংপুরে আসছে আজ তারেক রহমান

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

রংপুর ব্যুরো: অপেক্ষার দীর্ঘ ২২ বছরের অবসান ঘটিয়ে আজ ৩০ জানুয়ারি শুক্রবার রংপুরের মাটিতে পা রাখছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর কেবল নির্বাচনী প্রচারণায় সীমাবদ্ধ নেই, বরং এটি রূপ নিয়েছে এক আবেগঘন রাজনৈতিক যাত্রায়।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। মঙ্গা-পীড়িত হিসেবে পরিচিত রংপুর অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা ঘোচানোর প্রতিশ্রুতি এবং তা পুরণ হওয়ার আশা নিয়ে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ লাখো জনতার মিলনমেলায় পরিণত হওয়ার অপেক্ষায়।

বিএনপি’র দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান বগুড়া থেকে সড়কপথে আসার সময় রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় তিনি রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সমাবেশ রাতে তিনি রংপুরে অবস্থান করবেন এবং শনিবার সড়কপথে ঢাকায় ফিরবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসকে মরুভূমিতে বৃষ্টির সঙ্গে তুলনা করেছেন বিএনপির নেতারা। রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে যে উন্নয়ন বঞ্চনা বা না পাওয়ার বেদনায় ভুগছে,দলীয় প্রধানের আগমনে তা লাঘব হবে বলে তাদের বিশ্বাস।

এক প্রার্থী বলেন,উনি আসাতে আমি মনে করি ঊষর মরুতে যেন এক পশলা বৃষ্টি। রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে যে না পাওয়ার বেদনায় ভুগছে, সেই মানুষগুলো পাওয়ার আশায় এখানে সমবেত হবে।

আরেক প্রার্থী মনে করেন, রংপুরের মাটি থেকেই দেশ গঠনের নতুন রোডম্যাপ ঘোষণা করবেন তারেক রহমান। তিনি বলেন,এই জনসভার মাধ্যমে তারেক রহমান একটা মেসেজ দেবেন। তার যে প্ল্যানটা আছে, রংপুর থেকেই শুরু হবে তার প্ল্যানটা বাস্তবায়ন।

শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ নির্মাণ,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বন্ধ স্থলবন্দরগুলো পুনরায় চালু করার মতো বড় ঘোষণা আসতে পারে সমাবেশ থেকে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক স¤পাদক আসাদুল হাবীব দুলু সুনির্দিষ্ট কিছু দাবির কথা তুলে ধরেন। তিনি বলেন, রংপুর বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে। আবু সাঈদ বীর যোদ্ধা, তার নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করতে হবে।

তারেক রহমানের আগমন ও জসসভা কেন্দ্র করে রংপুরজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ প্রশাসন জানাচ্ছে, স্থলপথের পাশাপাশি ভবনের ছাদ থেকেও নজরদারি চালানো হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে, আমরা সেজন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মে ফোর্স মোতায়েন রেখেছি, রুফটপগুলোতেও ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছি। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সফর ও রাতযাপন রংপুরবাসীর কাছে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং উত্তর জনপদের রাজনীতিতে উন্নয়ন ও পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরুর বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকগণ।